ট্রান্সকম ইলেকট্রনিকস এখন থেকে দেশে চীনের ‘মাইডিয়া’ ব্র্যান্ডের বাণিজ্যিক এসি (শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র) বাজারজাত করবে। এ জন্য মাইডিয়া ও ট্রান্সকমের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ট্রান্সকম ইলেকট্রনিকসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আরশাদ হক; হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী; মাইডিয়ার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ওবিএম ম্যানেজার সিমেন ওয়াং; লাতিন আমেরিকা, এশিয়া ও প্যাসিফিকের ব্র্যান্ড ম্যানেজার এলেক্স ঝউসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইতিমধ্যে দেশের বাজারে নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেকসহ স্যামসাং, হিটাচি, ফিলিপস, প্যানাসনিক, ওয়ার্লপুল, ডাইকিন ব্র্যান্ডের এসি বাজারজাত করছে ট্রান্সকম ইলেকট্রনিকস। এবার যুক্ত হলো মাইডিয়া। এই ব্র্যান্ডের মাধ্যমে দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এসি সেবা দেওয়া হবে। বর্তমানে বিশ্বের ২০০টি দেশে এ ধরনের বাণিজ্যিক এসি সেবা দিচ্ছে মাইডিয়া।
ট্রান্সকম ইলেকট্রনিকসের হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে মাইডিয়া ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। এই অংশীদারি আমাদের ব্যবসার পরিসর বাড়াবে। মাইডিয়ার উচ্চমানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে ভোক্তাদের আরও উন্নত সেবা দিতে পারবে ট্রান্সকম।’
মাইডিয়ার সিমেন ওয়াং বলেন, ট্রান্সকম ইলেকট্রনিকসের অংশীদার হওয়ার মাধ্যমে বাংলাদেশে আরও ভালোভাবে বাণিজ্যিক এসির গ্রাহকদের সেবা দিতে পারবে মাইডিয়া। ট্রান্সকম ইলেকট্রনিকসের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে ক্রেতারা সর্বোচ্চ মানের সেবা পাবেন।
অনুষ্ঠানে মাইডিয়া ব্র্যান্ডের পণ্যের প্রদর্শনী, প্রশ্ন-উত্তর পর্ব ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
News Link:
https://www.prothomalo.com/business/%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%95%E0%A6%AE-%E2%80%98%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E2%80%99-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87

